নোয়াাখালীতে ট্রাকচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত, আহত শিশু

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চার বছর বয়সী মেয়ে আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ২টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫৫) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির বাসিন্দা। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার সুপার ছিলেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্ত্রী তামান্না রহমান (৪৫) ও মেয়ে তালভিয়া রহমানকে (৪) নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন বেলাল ফতেহপুরী। দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। আহত শিশু তালভিয়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বিকেলে বাড়ি পাঠানো হয়েছে।

ওসি আদেল বলেন, ‘চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। বাড়ি গিয়ে শিশুটিকে দেখে এসেছে পুলিশ। নিহতের পরিবার মামলা করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।’