নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন শুরু, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সুন্দরপুর-৪ গ্যাসকূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। 

প্রাথমিক মূল্যায়নে নতুন এ কূপ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। 

বুধবার বিকেলে বাপেক্সের উপ-মহাব্যবস্থাপক (ড্রিলিং) ও কূপের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

বাপেক্স সূত্র জানায়, জমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়নের পর গত এপ্রিলের শেষ দিকে কূপ এলাকায় রিগ স্থাপন করা হয়। গত মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়েছে। 

জাকির হোসেন খান বলেন, ‘কূপটির গভীরতা ধরা হয়েছে ১ হাজার ৬০০ মিটার। মাটির প্রায় ১ হাজার ৩৬১ মিটার গভীরে সম্ভাব্য গ্যাস স্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে খননকাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) করতে আরও ১৫-২০ দিন লাগবে। সব মিলিয়ে আড়াই মাসের মধ্যে কূপটির চূড়ান্ত ফলাফল জানা যাবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে গ্যাসের মোট মজুত নির্ধারণ করা সম্ভব না হলেও আশপাশের কূপগুলোর তথ্য বিশ্লেষণ করে বাপেক্স আশা করছে, এ কূপ থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেতে পারে। এটি সফল হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়বে।’

এর আগে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় সুন্দরপুর গ্যাস ফিল্ডের ১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত। তবে এটি একই ভূগর্ভস্থ গ্যাস ফিল্ডের অংশ হওয়ায় বাপেক্সের নিয়ম অনুযায়ী এর নাম রাখা হয়েছে সুন্দরপুর-৪।