ফতুল্লায় ক্লাসে সিলিং ফ্যান পড়ে আহত ৫ শিক্ষার্থী
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ দ্য ডেইলি স্টারকে ফ্যান খুলে পড়ার তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলের সাবেক শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব ডেইলি স্টারকে বলেন, 'সাবেক শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাসরুমে সিলিং ফ্যানটি খুলে পড়তে দেখেছি। কারও মাথায় পড়েনি। তারপরও অন্তত ৫ শিশুশিক্ষার্থী আহত হয়েছে।'
আরেক সাবেক শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, 'প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পরই এ দুর্ঘটনা ঘটে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। স্কুল ভবনটি জরাজীর্ণ অবস্থায় আছে। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ প্রয়োজন।'
প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, 'ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ, এ কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছি।'
যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম ডেইলি স্টারকে বলেন, 'খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'