বজ্রপাতে সুনামগঞ্জে একদিনে ৫ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সুনামগঞ্জে বজ্রপাতে পৃথক পৃথক এলাকায় অন্তত ৫ জন মারা গেছেন।

আজ শনিবার দুপুরে জেলার ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও দিরাই উপজেলায় এ ঘটনা ঘটে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা উপজেলায় ২ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের হাবিবুর রহমান বাড়ির পাশের টগার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান।

অন্যদিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকানোর সময় বজ্রপাতে রহমত উল্লাহ মারা যান।

এসময় তার বাবা এবং একই গ্রামের শিখা মনি গুরুতর আহত হন।

ওসি জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী মিয়া জানান, পাগনার হাওরে ধান কাটার সময় সদর ইউনিয়নের চানপুর গ্রামের নুরুজ্জামান মারা যান।

এ সময় তার চাচাতো ভাই তোফাজ্জলও গুরুতর আহত হয়েছেন।

তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক আবুল কালাম মারা গেছেন বলে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।

দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক লিটন মিয়া মারা যান বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রশান্ত দাস তালুকদার জানান।