ঝিনাইদহে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর ও শৈলকূপ উপজেলার মুখদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন—কুষ্টিয়ার আসাদুল ইসলাম (৪৫) ও শৈলকুপা উপজেলার মুখদিয়া গ্রামের গৃহবধূ আন্না খাতুন (৪৮)।

মায়াধারপুর গ্রামের বাসিন্দারা জানান, আসাদুল মায়াধরপুর গ্রামে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। বিকেলে হঠাৎ ঝড়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন কৃষকেরা মাঠে ধান কাটা ও বাঁধার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ২ শ্রমিক বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি আসাদুজ্জামান বলেন, বজ্রপাতে আসাদুল ইসলাম নামে একজন মারা গেছেন। সেসময় আরেকজন আহত হন। এছাড়া সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর ও দোগাছি গ্রামে আরও ৩ নারী বজ্রপাতে আহত হয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ডেইলি স্টারকে বলেন, উপজেলার মুখদিয়া গ্রামে ঝড়-বৃষ্টির সময় আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যান আন্না খাতুন। তিনি ওই এলাকার আনিছুর রহমানের স্ত্রী।