যশোরে চলন্ত বাসে আগুন, নেমে পড়েন যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে ঢাকাগামী বাসে আগুন লেগে যাত্রীদের সব মালামাল পুড়ে গেছে। তবে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাস থেকে নেমে পড়েন যাত্রীরা।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ফতেহপুর এলাকায় যশোর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসের যাত্রী সুকান্ত সরকার ডেইলি স্টারকে বলেন, 'নড়াইল এক্সপ্রেস বাসটি বিকেল ৪টার দিকে যশোর শহরের মনিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। কিছুক্ষণ পর ফতেহপুর এলাকার কাছাকাছি থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়।'

তিনি জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। কিন্তু, আগুনে যাত্রীদের জিনিসপত্র পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, 'বাসে আগুন লাগার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সোয়া ৫টা পর্যন্ত ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ও আটকে পড়া যাত্রীদের দেখা যায়।'

ওসি মাসুদ খান বলেন, 'পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।'

যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান জানান, 'ত্রুটিপূর্ণ ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত। বাসটি ছাড়ার আগে মনিহার কাউন্টারের সামনে মেরামত করা হয়েছিল, কিন্তু পুরোপুরি ঠিক করা হয়নি।'