দৌলতদিয়া ঘাটে যেভাবে নদীতে পড়ে যায় বাসটি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাসটি অপর একটি ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন ঘাটের ব্যবস্থাপক মো. মনির হোসেন।

দ্য ডেইলি স্টারকে তিনি জানান, বাসটি আজ বুধবার বিকেল ৫টার দিকে সেখানে পৌঁছায়। সেই সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য ওই ফেরিতে উঠতে না পারায় অপর ফেরির জন্য অপেক্ষা করছিল বাসটি। বিকেল সোয়া ৫টার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামে একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

‘চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। বাসে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। কয়েকজন উপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েন। আমরা বাসটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও ফায়ার সার্ভিসকে জানিয়েছি’, বলেন মনির।

এই ঘটনায় ইতোমধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারুফ হাসান। তারা হলেন রেহেনা বেগম (৬০) ও মার্জিনা বেগম (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে পৌঁছাতে সক্ষম হন।

এর আগে আজ বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।