দৌলতদিয়ায় বাস নদীতে: ২ জনের মরদেহ উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দৌলতদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারুফ হাসান।

তিনি জানান, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা দুজনই নারী। ঢাকার একটি শীর্ষ বেসরকারি হাসপাতালের চিকিৎসক আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনিও ওই বাসে ছিলেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, আমরা অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে নিরাপদে পৌঁছাতে সক্ষম হন। আর যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন রেহেনা বেগম (৬০) ও মার্জিনা বেগম (৫৫)।

এর আগে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘সৌহার্দ্য’ পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, 'বাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়।'

তবে ওই বাসে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।