ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত মৌসুমী আক্তার (২০) জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। একপর্যায়ে তিনি নতুন ভবনের অষ্টম তলায় উঠে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ভাই ইউসুফ আলী জানান, গত দেড় বছর ধরে মৌসুমী মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও গত পাঁচ দিন ধরে তার অবস্থার অবনতি ঘটে। এ কারণে সকালে তাকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘অষ্টম তলায় তার চিকিৎসা-সংক্রান্ত নথি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তিনি লাফ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে তিনি দুইবার হাসপাতালে ভর্তি ছিলেন এবং একাধিকবার বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন।