পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শনিবার শপথ

স্টার অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী।

আজ শুক্রবার ভারতের এ রাজ্যটিতে সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি বিধায়ক দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বৈঠকে সবার প্রস্তাব শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আগামীকাল শনিবার।

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও এনডিএ শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির এবারের ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান হলো।

নির্বাচনে বর্ষীয়ান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—উভয় আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। ভবানীপুরে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১১৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।  

মমতার জন্য এ নির্বাচনের ফল খুবই হতাশাজনক। গত মঙ্গলবার তৃণমূল সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না।

তিনি অভিযোগ করেন, এই রায় জনগণের ম্যান্ডেট নয়, বরং 'ষড়যন্ত্রের' ফল।

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ।