আবুল মনসুর আহমদ বিতর্ক প্রতিযোগিতার নিবন্ধন শুরু
সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের স্মৃতিকে ধারণ করে ‘আবুল মনসুর আহমদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করেছে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ। আজ বুধবার থেকে এ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
এবারের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ধর্মশাসিত রাষ্ট্র, না রাষ্ট্রশাসিত ধর্ম’। উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। তবে, আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত কোনো প্রবন্ধ বা বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীরা আবেদন করতে পারবেন না।
আগ্রহী প্রতিযোগীদের amatrust2015@gmail.com ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদনে প্রতিযোগীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, পরিচয়, বয়স, মোবাইল নম্বর ও বিতর্কের বিষয়ে নিজের অবস্থান উল্লেখ করতে হবে। পাশাপাশি ‘পক্ষে’ বা ‘বিপক্ষে’ অবস্থান সাপেক্ষে সর্বোচ্চ ১৫০ শব্দের সংক্ষিপ্ত যুক্তি সংযুক্ত করতে হবে।
আয়োজকরা জানান, বিশেষভাবে আমন্ত্রিত ১৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলা এশিয়ান পার্লামেন্টারি (এপি) পদ্ধতিতে তিন পর্বের নক-আউট ফরম্যাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে।
নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার সেন্টারে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে সেরা দুটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ ১৫ হাজার টাকা, ৫ হাজার টাকার বই, সনদ ও ক্রেস্ট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী দল পাবে নগদ ১০ হাজার টাকা, ২ হাজার টাকার বই, সনদ ও ক্রেস্ট। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে সনদ ও বই উপহার দেওয়া হবে।
চূড়ান্ত বাছাই শেষে আগামী সেপ্টেম্বরে আবুল মনসুর আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। নির্বাচিতদের ফেসবুক পেজ ও মোবাইল ফোনের মাধ্যমে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আবুল মনসুর আহমদ বাংলা সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘আয়না’, ‘আসমানী পর্দা’, ‘গালিভারের সফরনামা’, ‘ফুড কনফারেন্স’, ‘বাংলাদেশের কালচার’, ‘আত্মকথা’ ও ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’।