ঢাবিতে শুরু হয়েছে ৯ম নন-ফিকশন বইমেলা
শিক্ষার্থী ও পাঠকদের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে নন-ফিকশন বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নবমবারের মতো শুরু হয়েছে 'নন-ফিকশন বইমেলা-২০২৫।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এ বইমেলার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেন 'এই নন-ফিকশন বইমেলায় কাহিনীনির্ভর সাহিত্য নয়, বরং চিন্তামূলক ও গবেষণাধর্মী বই স্থান পেয়েছে, যেখানে মানুষের ভাবনার সরাসরি প্রকাশ ঘটে।'
ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, 'ইন্টারনেটের যুগে শেখার সুযোগ বাড়লেও ব্যক্তিগত যোগাযোগ কমেছে। মেধা ও মননের বিকাশে বই পড়া ও আলাপের বিকল্প নেই।'
ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, 'বাংলাদেশে অনেক জায়গায় বইমেলা হলেও বণিক বার্তার নন-ফিকশন বইমেলাটি আয়োজনের দিক থেকে ব্যতিক্রমী ও উদ্ভাবনী। এ ধরনের বইমেলা শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তোলে।'
সুস্থ ধারার সংস্কৃতি গড়ে তুলতে বইমেলার মতো আয়োজন আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।
অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বলেন, 'নন-ফিকশন বইমেলায় প্রকাশকদের কোনো খরচ না থাকার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিবাচক।'
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। সঞ্চালনা করেন বণিক বার্তার সহকারী সম্পাদক ও বিশেষ সংবাদদাতা বদরুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হক, আদর্শর প্রকাশক মাহবুবুর রহমান, অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ, বাঙ্গালা গবেষণার আফজালুল বাসাসহ প্রমুখ।
এ বছর নন-ফিকশন বইমেলায় মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিয়েছে।
এর মধ্যে রয়েছে— অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লিমিটেড, ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জ্ঞানকোষ প্রকাশনী, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, দিব্যপ্রকাশ, দ্যু প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বেঙ্গল বুকস, মাওলা ব্রাদার্স, রকমারি, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ ও হাওলাদার প্রকাশনী।
২০১৫ সালে যাত্রা শুরু করা এ বইমেলা ইতোমধ্যে শিক্ষার্থী ও পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে এ মেলায় অংশ নিচ্ছে।
মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে পাঠকরা সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন।
এছাড়া বই ক্রেতাদের জন্য মেলার শেষদিন থাকবে র্যাফল ড্রয়ের আয়োজন, যেখানে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার।
এছাড়া এ বছরও দেয়া হবে 'নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫'।
বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গন।