কোনো অপরাধমূলক কার্যক্রম বরদাস্ত করা হবে না: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কারের কথাগুলো, বিএনপির প্রতিশ্রুতিগুলো, পয়েন্টসগুলো জনগণ গ্রহণ করেছে বলেই আজকে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জামায়াতের উত্থান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে এটা হয়েছে। এটা হচ্ছে একটা বিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের একটা অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে বাঁধা দেওয়া হয়, মানুষের কণ্ঠ রোধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে এবং সেটাই এদেশে ঘটেছে।’
‘আজকে জামায়াতের যেটুকু উত্থান হয়েছে, সেটা আওয়ামী লীগের কারণেই হয়েছে। তাদের যে দমন-পীড়নমূলক শাসন এবং বিরোধী দলকে কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়া—ফলে আজকে এটা হয়েছে। কিন্তু আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে,’ বলেন তিনি।
তার ভাষ্য, বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।
জাতীয় সরকার গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আমাদের যে কমিটমেন্টে তাতে অটল থাকি। আমরা বলেছিলাম, ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করেছেন, তাদের সঙ্গে নিয়ে নির্বাচন করেছি এবং তাদের সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব।
জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের যে ৩১ দফা আছে সেগুলোইতো আমরা বাস্তবায়ন করব। আপনারা জানেন যে, সংস্কার কমিশনে জুলাই সনদের অনেকগুলো বিষয়ে আমরা স্বাক্ষর করেছি। এগুলোই আমাদের সামনে আসবে। দ্যাট উইল বি আওয়ার প্রায়োরিটি। ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা তা করতে থাকব।’
রংপুর বিভাগে জামায়াতের বেশি আসন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটার বিভিন্ন কারণ আছে। কিন্তু বৃহত্তর দিনাজপুরে জামায়াত একটি আসনও পায়নি। বৃহত্তর দিনাজপুরে তিনটি জেলা, আসন ১১টি। সেই ১১টি আসন বিএনপি পেয়েছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে, সঠিকভাবে যদি রংপুরের জনগণের সঙ্গে ইন্টারেক্ট করতে পারি, রাজনৈতিক-সাংগঠনিকভাবে যদি কাজ করতে পারি; অবশ্যই এই প্রবণতা আমরা দূর করতে পারব।’
এর আগে, গতকাল মধ্যরাতে বিজয়ের আভাসের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই বিজয়কে সুদৃঢ় করতে হলে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।’
এসময় তিনি বলেন, ‘একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কোনো অপরাধমূলক কার্যক্রম বরদাস্ত করব না। যে কেউ, যতো বড় নেতাই হোক, যদি আমাদের সুনাম ক্ষুণ্ন হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এতটুকু দ্বিধা করব না।’