ফ্ল্যাট-বাড়ির বারান্দায় বাগান মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলে?

স্মৃতি মন্ডল
স্মৃতি মন্ডল

প্রকৃতির সঙ্গে মানুষের মনের একটি গভীর সম্পর্ক রয়েছে। আমাদের মানসিক স্বাস্থ্য শুধুমাত্র চিন্তা-ভাবনা বা আবেগের ওপর নির্ভর করে না; এটি আমাদের জৈবিক বৈশিষ্ট্য, শারীরিক অবস্থা এবং চারপাশের পরিবেশের সঙ্গেও ঘনিষ্ঠভাবে জড়িত। আর পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রকৃতি। আমাদের আশপাশের মানুষ, বিভিন্ন ঘটনা যেমন মনকে প্রভাবিত করে তেমনি চারপাশের গাছপালা, খোলা আকাশ, পাহাড়, নদী, বাগান কিংবা পাখির ডাকের মতো প্রাকৃতিক উপাদানও আমাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে।

যারা শহরে বসবাস করেন তাদের জীবনে প্রকৃতির সঙ্গে সংযোগ ঘটানোর সুযোগ অত্যন্ত সীমিত। শহুরে জীবনে, যেখানে খোলা জায়গা ও সবুজ পরিবেশের অভাব ক্রমশ বাড়ছে, সেখানে বাড়ির বারান্দায় বাগান হতে পারে প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরির একটি মাধ্যম। যা মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে ভূমিকা রাখতে পারে। এই বিষয়ে কথা বলেছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেখলা সরকার

শহুরে জীবনে বারান্দায় বাগান মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলে?

ডা. মেখলা সরকার বলেন, প্রকৃতির স্পর্শ আমাদের মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করে এবং মনকে শান্ত করে। যেকোনোভাবে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। শহুরে জীবনে প্রকৃতির উপস্থিতি দিনকে দিন কমে যাচ্ছে। ব্যস্ততার ভিড়ে নিরন্তর ছুটে চলা, ইট-পাথরের নগরী এবং যান্ত্রিক জীবনযাপনের কারণে মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, হতাশা, অনিদ্রা ও অস্থিরতার মতো মানসিক সমস্যায় কমবেশি সবাই ভুগছেন। এমন বাস্তবতায় বাড়ির বারান্দায় ছোট্ট একটি বাগান বা সবুজের সান্নিধ্য মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।

  • অনেকেই মনে করেন গাছপালা শুধু বারান্দা বা ঘরের সৌন্দর্য বাড়ায়, চোখকে প্রশান্তি দেয়; কিন্তু মানসিক স্বাস্থ্যে বাগানের প্রভাব এর চেয়েও অনেক গভীর। প্রকৃতি জীবন্ত সত্তা, গাছপালা নির্জীব কোনো বস্তু নয়; গাছের বেড়ে ওঠা, নতুন পাতা, ফুল ফোটা, ফল হওয়া মানুষকে এক ধরনের আনন্দ ও তৃপ্তি দেয়, মানসিক চাপ কমাতে সাহায্য করে।

  • যখন কেউ নিজের হাতে গাছের পরিচর্যা করেন—পানি দেন, সার দেন, শুকনো পাতা পরিষ্কার করেন, নতুন চারা লাগান, তখন সেই কাজের মাধ্যমে গাছের সঙ্গে আবেগগত সংযোগ গড়ে ওঠে। এই সম্পর্কটি একমুখী নয়, বরং পারস্পরিক। আপনি যেমন বারান্দায় গাছের যত্ন নেন, সময় দেন, তেমনি প্রকৃতিও আপনাকে মানসিক শান্তি, স্বস্তি ও ইতিবাচক অনুভূতি দেয়।

  • বাগানে কাজ করা, যত্ন নেওয়ার অভ্যাস নিঃসঙ্গতা কমাতে, মনকে প্রফুল্ল রাখতে এবং দৈনন্দিন কাজে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে।

  • একইসঙ্গে এটি দায়িত্ববোধ, যত্নশীলতা, ধৈর্য ও স্নেহবোধের মতো ইতিবাচক গুণও গড়ে তোলে।

  • নিয়মিত কয়েক ঘণ্টা বাগান বা গাছের পরিচর্যায় সময় কাটানো উদ্বেগ ও বিষণ্ণতার লক্ষণ কমাতে ভূমিকা রাখে। মনকে শান্ত করতে এবং এক ধরনের স্থিরতা এনে দিতে সাহায্য করে।

  • বারান্দায় লাগানো গাছের বেড়ে ওঠা কিংবা ফুল ফুটতে দেখলে নিজের প্রচেষ্টার ফল অনুভব করা যায়, যা আত্মমর্যাদা বাড়ায় এবং নিজেকে মূল্যবান ও কার্যকর মনে করতে সাহায্য করে। এতে মানসিক সুস্থতা দৃঢ় হয়, মানসিক তৃপ্তি পাওয়া যায়।

ডা. মেখলা সরকার বলেন, বারান্দা না থাকলেও বা সেখানে বাগান করার সুযোগ না থাকলেও হতাশ হওয়া যাবে না। ঘরের ভেতরে উপযোগী ইনডোর প্ল্যান্ট রেখেও প্রকৃতির সান্নিধ্য পাওয়া সম্ভব। এর জন্য ইচ্ছে থাকতে হবে। কারণ ইচ্ছে থাকলেই উপায় হয়।

বারান্দার বাগান বা ইনডোর প্ল্যান্টের জন্য গাছ কেনার আগে কোনো নার্সারি থেকে পরামর্শ নেওয়া ভালো। কারণ সব গাছ সব পরিবেশে বেড়ে ওঠে না। বারান্দার আকার, পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস চলাচলের সুযোগ আছে কি না কিংবা আপনি কতটা সময় দিতে পারবেন বাগান পরিচর্যায়—এসব কিছু বিবেচনা করে গাছ নির্বাচন করতে হবে।

শহুরে জীবনে নানা সীমাবদ্ধতা থাকবেই। উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে গড়ে তুলুন আপনার ছোট্ট সবুজ বাগান; যা আপনার মানসিক প্রশান্তির উৎস হিসেবে কাজ করবে।