কী ও কেন

পিৎজার বক্সে ছোট ছোট ছিদ্র থাকে কেন

স্টার অনলাইন ডেস্ক

গরম গরম পিৎজা কে না পছন্দ করে! চিজে ভরা একটি পিৎজা সামনে এলে অনেকেরই জিভে পানি চলে আসে। কিন্তু কখনো খেয়াল করেছন, পিৎজার বক্সের পাশে ছোট ছোট কিছু ছিদ্র থাকে?

প্রথম দেখায় মনে হতে পারে, এগুলো হয়তো ভুল করে করা হয়েছে। আবার কেউ ভাবতে পারে, বক্সের ওজন কমাতে এমন করা হয়। কিন্তু আসল কারণটি বেশ মজার এবং এর সঙ্গে বিজ্ঞানের যোগসাজেশ আছে।

চলুন জেনে নেওয়া যাক পিৎজা বক্সের এই ছোট্ট রহস্য।

ধরুন একটি পিৎজা ওভেন থেকে বের হলো। তখন সেটি খুব গরম। কিন্তু পিৎজা কেবল গরমই থাকে না, ক্রমাগত জলীয় বাষ্পও বের হতে থাকে। তাই যদি পিৎজাকে সঙ্গে সঙ্গে একটি বন্ধ বক্সে রাখা হয়, তাহলে সেই বাষ্প বের হওয়ার কোনো পথ পাবে না।

ফলে কী হবে?

বাষ্প বক্সের ভেতরে জমে পানি হয়ে যাবে। তখন পিৎজার মচমচে অংশ নরম ও ভেজা ভেজা হয়ে যাবে।
ভাবুন তো, অনেক কষ্টে অর্ডার করা পিৎজার একটি টুকরা হাতে নিতেই যদি নরম হয়ে ভেঙে পড়ে, তাহলে কেমন লাগবে?
এই সমস্যা দূর করতেই বক্সে রাখা হয় ছোট ছোট ছিদ্র।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এগুলোর কাজ কী

এই ছিদ্রগুলোর প্রধান কাজ হলো অতিরিক্ত বাষ্প বের করে দেওয়া। যখন গরম পিৎজা বক্সের ভেতরে থাকে, তখন বাষ্প ছিদ্র দিয়ে বাইরে আসতে পারে। ফলে পিৎজার নিচের অংশ ও ক্রাস্ট মচমচে থাকে।

অর্থাৎ, ছোট্ট ছিদ্রগুলো পিৎজাকে সুস্বাদু রাখতে কাজ করে।

তবে এখানে আরেকটি ব্যাপার আছে, যদি বক্সে বড় বড় ছিদ্র করা হতো, তাহলে গরম বাতাস দ্রুত বেরিয়ে যেত এবং পিৎজা ঠাণ্ডা হয়ে যেত। তাই ছিদ্রগুলো খুব ছোট রাখা হয়। এতে কিছু বাষ্প বের হয়ে গেলেও বেশিরভাগ তাপ ভেতরেই থেকে যায়। ফলে পিৎজা গরম থাকে, আবার নরম হয়ে যায় না।

মজার ব্যাপার হলো, পিৎজার বক্স সব সময় এক রকম ছিল না। অনেক বছর আগে ইতালিতে মানুষ বিশেষ ধাতব পাত্রে পিৎজা বহন করত। আর যুক্তরাষ্ট্রে একসময় পিৎজাকে রোল করে কাগজে মুড়িয়ে দেওয়া হতো। কোথাও কোথাও কাগজের ব্যাগেও পিৎজা বিক্রি করা হতো।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আধুনিক পিৎজা বক্সের জন্ম

১৯৬০-এর দশকে পিৎজা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এমন একটি বক্স খুঁজছিল, যে বক্সে একসঙ্গে অনেকগুলো পিৎজা বহন করা যাবে। তখন তৈরি হয় বিশেষ ধরনের শক্ত কার্ডবোর্ডের বক্স।

প্রথম দিকের বক্সগুলোতে কিন্তু ছিদ্র ছিল না! তবে অভিজ্ঞ ব্যবসায়ীরা বুঝতে পারলেন, বাষ্পের কারণে পিৎজা নরম হয়ে যাচ্ছে। তাই তারা নিজেরাই বক্সে ছোট ছোট ছিদ্র করে দিতে শুরু করেন। তারপর এই ছিদ্রগুলো বক্স তৈরির সময়ই যোগ করার রীতি শুরু হয়।

সব পিৎজার বক্সে কি ছিদ্র থাকে

আজকাল প্রায় সব পিৎজার বক্সেই কোনো না কোনো ধরনের বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। কিছু বক্সে আগে থেকেই ছিদ্র খোলা থাকে, আবার কিছু বক্সে ছোট কাটা অংশ থাকে, যা প্রয়োজন হলে খোলা যায়।

তবে একটি পিৎজার বক্স তৈরি করতে কেবল কার্ডবোর্ড নয়, অনেক ধরনের প্রকৌশল ও নকশাগত ধারণা ব্যবহার করা হয়। বক্সটি এমনভাবে তৈরি করা হয় যেন, পিৎজা গরম থাকে, বাষ্প বের হতে পারে, বক্স ভেঙে না যায় এবং একটির ওপর আরেকটি রাখা যায়।