নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের মৃত্যু
নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন
রাজপ্রাসাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ইউরোপের ক্ষমতাসীন রাজাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ছিলেন হ্যারাল্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৯১ সালে তিনি সিংহাসনে বসেন।
রাজপ্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, মহামান্য রাজা হ্যারাল্ড আজ মারা গেছেন। শুক্রবার ২৮ আগস্ট সকাল ৬টা ৩৫ মিনিটে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে তিনি শান্তিপূর্ণভাবে শেষনিশ্বাস ত্যাগ করেছেন।’
গতকাল বৃহস্পতিবার রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, ৮৯ বছর বয়সী রাজার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।
ওই ঘোষণার পর নরওয়ের রাজপরিবারের সদস্যরা হাসপাতালে হ্যারাল্ডের শয্যার পাশে জড়ো হন।
পাশাপাশি, শত শত মানুষ রাজপ্রাসাদের বাইরে এসে তার প্রতি শ্রদ্ধা জানান।
রানি সোনিয়া এবং হ্যারাল্ডের ছেলে ও ভারপ্রাপ্ত রিজেন্ট যুবরাজ হাকন (৫৩) তাদের সব রাজকীয় কর্মসূচি বাতিল করেন।
পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তারা বৃহস্পতিবারের বেশির ভাগ সময় অসলো ইউনিভার্সিটি হাসপাতালে রাজার পাশে কাটান।
বৃহস্পতিবার বিকেলের শেষ দিকে রাজপ্রাসাদ জানায়, রাজার শারীরিক অবস্থার ‘কোনো পরিবর্তন হয়নি’। এর কিছুক্ষণ আগে হাকন, তার স্ত্রী মেত্তে-মারিত ও তাদের প্রাপ্তবয়স্ক দুই সন্তানকে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়।
গত ১৭ আগস্ট থেকে অসলো হাসপাতালে ভর্তি ছিলেন হ্যারাল্ড।
তিনি হিমোলাইটিক অ্যানিমিয়ায় ভুগছিলেন। এই রোগে আক্রান্ত হলে অসুস্থ ব্যক্তির শরীরে অস্বাভাবিক দ্রুতগতিতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। ফলে রোগী ক্লান্তি ও শ্বাসকষ্টে ভোগেন।
রাজধানী অসলোর কেন্দ্রে অবস্থিত রাজপ্রাসাদের বাইরে দিনভর অসংখ্য মানুষ জড়ো হন। অত্যন্ত জনপ্রিয় রাজার প্রতি শ্রদ্ধা জানাতে অনেকে সেখানে ফুলের তোড়া রাখেন এবং ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করেন।
৫৭ বছর বয়সী ট্রিনে বাক্কে জর্ড চোখের পানি মুছতে মুছতে এএফপিকে বলেন, ‘তিনি নরওয়ের দাদা।’
‘রাজা হয়েও তিনি একজন মাটির কাছাকাছি মানুষ ছিলেন,’ তিনি আরও বলেন।
২৪ বছর বয়সী কাসপারা বোলস্টাড এএফপিকে বলেন, হ্যারাল্ড ছিলেন অত্যন্ত স্থির ও আন্তরিক একজন রাজা।
তিনি বলেন, ‘আমার মনে হয়, নরওয়ের জনগণ তাকে আদর্শ হিসেবে এবং মানুষকে একতাবদ্ধ করে রাখতেন এমন একজন ব্যক্তি হিসেবে দেখে। রাজতন্ত্রের পক্ষে বা বিপক্ষে—আপনার অবস্থান যা-ই হোক, আমার মনে হয় তিনি সবার কাছেই সমানভাবে জনপ্রিয় ছিলেন।’
২৭ বছর বয়সী ম্যাগনাস স্কাউগসেথও এ কথার সঙ্গে একমত হন। তিনি রাজার ‘সবাইকে আপন করে নেওয়ার’ গুণের প্রশংসা করেন।
রাজার অত্যন্ত সংকটাপন্ন অবস্থার খবর পাওয়ার পর বৃহস্পতিবার জার্মানি সফরের কর্মসূচি বাতিল করেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে।
তিনি এএফপিকে বলেন, রাজার শারীরিক অবস্থার খবর তাকে ‘গভীরভাবে বিচলিত’ করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে তিনি নানা স্বাস্থ্যসমস্যায় ভুগছিলেন।
তিনি সব সময়ই সিংহাসন ত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
তার যুক্তি ছিল, নরওয়ের পার্লামেন্টের সামনে তিনি আজীবনের জন্য শপথ নিয়েছেন।


