যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা দপ্তরের এক মুখপাত্র জানান, একটি স্কাইডাইভিং কোম্পানির লিজ নেওয়া উড়োহাজাজটি রোববার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটের দিকে উড্ডয়ন করে।

পর্যাপ্ত উচ্চতায় উঠতে না পেরে উড়োজাহাজটি হুট করে বাম দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে আছড়ে পড়ে বলে ওই মুখপাত্র বিবিসিকে জানান। তিনি জানান, উড়োজাহাজে থাকা ১২ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।

বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেন, আমরা একে একটি বড় ধরনের হতাহতের ঘটনা হিসেবে দেখছি।

শেরিফ বলেন, এটি কোনো বড় বাণিজ্যিক এয়ারলাইনার ছিল না; বরং এটি ছিল একটি স্থানীয় উড়োজাহাজ, যা আমাদের এই বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলে উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়।

এফএএ জানিয়েছে, সেই সময়ে উড়োজাহাজটিকে এয়ার ট্রাফিক সেবা দেওয়া হচ্ছিল না।

এক মুখপাত্র জানান, নির্দিষ্ট আকাশসীমার বৈশিষ্ট্যের কারণে বিমানটির কোনো যোগাযোগ স্থাপনের প্রয়োজন ছিল না।

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা দেখার জন্য জরুরি উদ্ধারকর্মীরা এলাকাটি তল্লাশি করেছেন।

শেরিফ জানান, নিহতদের পরিবারের কয়েকজন সদস্য এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশ করেনি।

বাটলার শহরটি কানসাস সিটি মেট্রোপলিটন এলাকা থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত।

এফএএ জানায়, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই বিমান দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। বিবিসি এ বিষয়ে এনটিএসবির সঙ্গে যোগাযোগ করেছে।