যুক্তরাষ্ট্রে এয়ার শো চলাকালীন ২ যুদ্ধবিমানের সংঘর্ষ

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর চার ক্রু বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানান, নৌবাহিনীর ইএ১৮-জি মডেলের জেট দুটি আকাশে কসরত প্রদর্শনের সময় দুর্ঘটনার কবলে পড়লে এর ক্রুরা সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তারা কোনোভাবে আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

গতকাল রোববার ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোয়ের দ্বিতীয় তথা শেষ দিনে নাটকীয় দুর্ঘটনাটি ঘটে আইডাহোর ‘মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস’ থেকে ২ মাইল উত্তর-পশ্চিমে।

দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ফলে আগুন ধরে গেলে শোয়ের বাকি সব আয়োজন বাতিল করা হয় এবং নিরাপত্তা বিবেচনায় ঘাঁটিটি কিছুক্ষণ বন্ধ রাখা হয়। পুরো বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, পাইলট ও ক্রু সদস্যরা সুস্থ আছেন। তারা আরও বলেন, দর্শনার্থীদের ধৈর্য ও সহযোগিতার ফলে আমরা দ্রুত উদ্ধারকাজ চালাতে পেরেছি, এজন্য আমরা কৃতজ্ঞ।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রু সদস্যরা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি বিশেষ স্কোয়াড্রনের ছিল। নৌবাহিনী জানায়, একেকটি যুদ্ধবিমানের দাম প্রায় ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

এয়ার শো-টির অন্যতম আয়োজক সংস্থা ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় একটি সংবাদমাধ্যমকে (সিবিএস) জানিয়েছেন যে, এই দুর্ঘটনায় সামরিক ঘাঁটির কেউ আহত হননি।

এর আগে ২০১৮ সালে যখন এই বিমান প্রদর্শনীটি হয়েছিল, তখন এক দুর্ঘটনায় এক পাইলটের প্রাণ যায়।