লেবাননে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডাব্লিউ

স্টার অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) জানিয়েছে, চলতি মাসের শুরুতে লেবাননের দক্ষিণাঞ্চলের আবাসিক এলাকাগুলোতে হামলায় সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। এ ধরনের রাসায়নিক ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন এক প্রতিবেদনে এইচআরডাব্লিউ বলেছে, তারা অন্তত সাতটি ছবি বিশ্লেষণ করে সাদা ফসফরাস ব্যবহারের সত্যতা নিশ্চিত করেছে। এসব ছবিতে দেখা যায়, দক্ষিণ লেবাননের ইয়োমরের একটি আবাসিক এলাকার ওপর সাদা ফসফরাসের গোলা নিক্ষেপ করা হয়েছে এবং ৩ মার্চ সেখানে অন্তত দুটি বাড়িতে আগুন ধরে যায়।

হিউম্যান রাইটস ওয়াচের লেবাননবিষয়ক গবেষক রামসি কাইস বলেন, ‘আবাসিক এলাকার ওপর ইসরায়েলি বাহিনীর অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক এবং এটি বেসামরিক মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’

তিনি আরও বলেন, ‘সাদা ফসফরাসের দাহ্য প্রভাব মানুষের মৃত্যু ঘটাতে পারে অথবা ভয়াবহ ক্ষতি করতে পারে, যার পরিণতি তাকে সারাজীবন ভোগ করতে হয়।’