ইরানের স্যাটেলাইট নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার আজ অষ্টম দিন। এই পরিস্থিতিতে ইরানের মহাকাশ ও স্যাটেলাইট সদর দপ্তরে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েলি সেনা।
ওই ভবন থেকে ইরানের অত্যাধুনিক নজরদারি স্যাটেলাইট ‘খৈয়াম’ এর কার্যক্রম নিয়ন্ত্রণ করা হোত।
আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তেহরানে তীব্র বিমানহামলার অংশ হিসেবে বিপ্লবী রক্ষীবাহিনীর নিয়ন্ত্রণে থাকা ওই ভবনে হামলা চালানো হয়েছে।
আইডিএফ জানিয়েছে, ‘ইরানের মহাকাশ এজেন্সির গবেষণা কেন্দ্র’ হিসেবে ওই ভবনটি ব্যবহার করা হোত।
ওই কেন্দ্রের সঙ্গে ইরানের সেনাবাহিনীর সরাসরি সংযোগ থাকার অভিযোগ করে ইসরায়েল।
আইডিএফ জানিয়েছে, ওই ভবনে ‘গবেষণা সরঞ্জাম ও অবকাঠামোর পাশাপাশি খৈয়াম স্যাটেলাইটের নিয়ন্ত্রণকেন্দ্রের’ অবস্থান ছিল।
২০২২ সালের আগস্টে ইরান এই অত্যাধুনিক স্যাটেলাইটটি মহাকাশে পাঠায়।
আইডিএফের দাবি, ওই স্যাটেলাইট ব্যবহার করে বিপ্লবী রক্ষীবাহিনী ইসরায়েল ও এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রের ওপর নজরদারি চালাতো এবং এই প্রযুক্তি কাজে লাগিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।
ওই ভবনের পাশাপাশি ইরানের অপর একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি জানায় ইসরায়েল। সেখানে ইরানের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ৫০টি বাঙ্কারে হামলা চালায় আইডিএফ।
ওই ঘাঁটিতে ইরানের সেনাবাহিনীর গোলাবারুদ সুরক্ষিত রাখা হোত।
পাশাপাশি, বিপ্লবী রক্ষীবাহিনীর একটি কম্পাউন্ড, স্বেচ্ছাসেবক আধা-সামরিক বাহিনী বাসিজের একটি ঘাঁটি ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরেও হামলা করে ইসরায়েলি সেনা।

