ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: আইডিএফ
ইসরায়েল বলছে, ইরান থেকে তাদের দেশের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে।
বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।
আজ শনিবার টেলিগ্রামে দেওয়া এক হালনাগাদ তথ্যে আইডিএফ বলেছে, হুমকি মোকাবিলায় এবং ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে।
আইডিএফ আরও জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য ‘সতর্কতামূলক সংকেত’ পাঠানো হয়েছে; তবে নিরাপত্তার খাতিরে এলাকাগুলোর নাম বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এদিকে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্য ইসরায়েলের রিশন লেজিয়ন এলাকায় একটি ক্লাস্টার (গুচ্ছ) ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি কিন্ডারগার্টেন বা শিশুতোষ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষেপণাস্ত্রটি সরাসরি ভবনের ওপর না পড়লেও এর স্প্লিন্টার বা ধারালো টুকরোগুলো কিন্ডারগার্টেন ভবনটির মারাত্মক ক্ষতি করেছে।
ক্লাস্টার বা গুচ্ছ বোমা ছোড়ার পর মাঝ আকাশে ফেটে যায় এবং বিশাল এলাকাজুড়ে ছোট ছোট অনেকগুলো বিস্ফোরক ছড়িয়ে দেয়।
মধ্য ইসরায়েলের যেসব জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, সেখানে তল্লাশি ও উদ্ধার কাজ চালাচ্ছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।
অন্যদিকে তেহরানে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ইরানে প্রতিদিন একাধিকবার বিমান হামলা চালিয়ে আসছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
আইডিএফের দাবি, গত রাতে ইসরায়েলি বিমান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরির স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর মধ্যে বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) একটি কমপ্লেক্সও রয়েছে।
তারা বলছে, ক্ষেপণাস্ত্র তৈরির যন্ত্রাংশ রাখার একটি গুদাম এবং রকেট জ্বালানি তৈরির দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরির আরও একটি স্থাপনায় হামলা হয়েছে।
আইডিএফ আরও বলছে, তারা তেহরান জুড়ে অবস্থিত ইরানের বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও বিমান হামলা চালিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালানো শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে থাকে ইরান। এখনো পাল্টাপাল্টি হামলা চলছে।