ইরানে এখনই স্থল অভিযানের কথা ভাবছেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত আগ্রাসনের আজ সপ্তম দিন। এই পুরোটা সময় মূলত যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ওই দুই দেশ।
স্থল অভিযান চালানোর কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখায়নি দেশ দুইটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরানে মার্কিন সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানোর বিষয়টি নিয়ে ভাবাও সময় নষ্ট।
আজ শুক্রবার এনবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।
এনবিসিকে ফোনে ট্রাম্প বলেন, ‘এটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তারা সব হারিয়েছে। তাদের নৌবাহিনী ধ্বংস হয়েছে। যা যা হারানো সম্ভব, তার সবই তারা হারিয়ে ফেলেছে।’
এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুশিয়ারি দেন, ‘আগ্রাসীরা’ স্থল হামলা চালালে বিপর্যয়ের মুখে পড়বে।
আরাঘচির মতকে ট্রাম্প ‘অযাচিত মন্তব্য’ আখ্যা দেন।
ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি ইরানের বর্তমান নেতৃত্ব কাঠামোর ধ্বংস দেখতে আগ্রহী।
‘আমরা দ্রুত সেখানে গিয়ে সব কিছু সাফ করে ফেলতে চাই’, যোগ করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমরা এমন কাউকে চাইনা যে ১০ বছরের মধ্যে আবারো সবকিছুকে আগের অবস্থায় ফিরিয়ে নেবে।’
ইরানের নতুন নেতা কে হতে পারেন, সে বিষয়ে ট্রাম্পের কিছু চিন্তা আছে তবে কারো নাম জানাতে অস্বীকার করেন তিনি।
এর আগে ট্রাম্প দাবি জানান, 'ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আমাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে।’
আজ শুক্রবার তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে বড় আকারে হামলার খবর পাওয়া গেছে।
ইসরায়েল জানিয়েছে, তারা ক্ষমতাসীনদের বিভিন্ন অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং এটা চলমান যুদ্ধের ‘নতুন পর্যায়’।

