ইরানের সঙ্গে আরও ৩ সপ্তাহ যুদ্ধ চলতে পারে: ইসরায়েল
ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধের’ আজ ১৫তম দিন। তৃতীয় সপ্তাহে পা রেখে ইসরায়েল বলছে, আরও অন্তত তিন সপ্তাহ প্রবল পরাক্রমশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
ইসরায়েলি সেনা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন গত রোববার সিএনএনকে জানান, ‘আমাদের সামনে হাজারো লক্ষ্যবস্তু আছে।’
‘আগামী অন্তত তিন সপ্তাহ বা ইহুদিদের পাসওভার ছুটির সময়কাল পর্যন্ত আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বিত পরিকল্পনা তৈরি করে করেছি এবং সে অনুযায়ী প্রস্তুত আছি’, যোগ করেন ডেফরিন।
তিনি বলেন, সেনাবাহিনী ‘কোনো স্টপওয়াচ দেখে বা সুনির্দিষ্ট সময়সীমা অনুযায়ী কাজ করছে না। বরং তারা আমাদের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে কাজ করছে।’
ডেফরিনের মতে সেই লক্ষ্য মূলত ‘ইরানের শাসনব্যবস্থাকে বড় আকারে দুর্বল করে তোলা’।
তিনি জানান, গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধে নীরব থাকলেও এবার ইরানের পক্ষে সমর্থন যোগাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
ডেফরিন বলেন, ‘জুনে তারা বুঝতে পেরেছিল যে এটি ইরানের বিরুদ্ধে সীমিত আকারের সামরিক অভিযান। তাই তারা (হিজবুল্লাহ) হামলা চালায়নি। কিন্তু এবার সর্বাত্মক লড়াই শুরু হওয়ার পর তারাও এতে যোগ দিয়েছে।’
ইরানের বিরুদ্ধে ১৫ দিনের ‘সামরিক অভিযানে’ এক হাজার ২০০ জনেরও বেশি নিহত হয়েছেন। হামলার শুরুর দিকেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের একাধিক সদস্য।
জবাবে ইসরায়েল ও উপসাগরের অন্যান্য দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।
পাশাপাশি জর্ডন, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য যেসব দেশে ‘মার্কিন সামরিক ঘাঁটি’ আছে অথবা সেনা মোতায়েন করা হয়েছে, সেগুলোতেও হামলা চালাচ্ছে তেহরান।
লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করায় বৈরুতও এই সংঘাতে শামিল হয়েছে।
ইসরায়েলের পাল্টা হামলায় ২ মার্চ থেকে এখন পর্যন্ত ৮০০ জন নিহত ও দুই হাজারেরও বেশি আহত হন।