খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে ৪০ দিনের শোক

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, খামেনি ইরানে তার কার্যালয়ে নিহত হয়েছেন।

সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। একইসঙ্গে দেশটিতে সাতদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

হামলায় খামেনির কন্যা, জামাই ও নাতিও নিহত হয়েছেন।

খামেনির মৃত্যুতে তার জন্মশহর মাশহাদ, রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বাসিন্দারা সড়কে নেমে এসেছেন।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী খামেনির হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছে। তারা বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী অল্প সময়ের মধ্যেই ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে।

শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।  

ইরানের সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী, দক্ষিণের একটি স্কুলে হামলায় কমপক্ষে ১০৮ জন প্রাণ হারিয়েছেন, এবং ২৪ প্রদেশে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

১৯৮৯ সাল থেকে খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচনের আগ পর্যন্ত  প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য নিয়ে গঠিত তিন সদস্যের কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব নেবে।