সাগরে ৩ নম্বর সংকেত, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ের শঙ্কা

স্টার অনলাইন রিপোর্ট

দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে আবহাওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম-পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও ওডিশা-অন্ধ্র প্রদেশ উপকূলে লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।

লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া দুর্ঘটনা এড়াতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুসারে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লার নদী অববাহিকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস আরও বলছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় ২২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া, কোথাও কোথাও ২৩ থেকে ৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।