স্থল নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা
নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি, বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।
আজ সোমবার সকালে অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খন্ড ও ওডিশা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে।
গতকাল দুপুরে ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়।
পূর্বাভাস অনুসারে, এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় বাতাসের চাপ কখনো বাড়ছে, কখনো কমছে। আশঙ্কা করা হচ্ছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদী পথেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এর বাইরে অন্যান্য এলাকার নদী পথে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস আরও বলছে, আজ ও আগামীকাল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও হতে পারে ভূমিধস।
স্থল নিম্নচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।