লাউয়াছড়ায় ১৪ ফুট লম্বা অজগর অবমুক্ত
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বিশালাকার অজগর অবমুক্ত করা হয়েছে। গতরাত ১২টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের উদ্ধারকারী দল যৌথভাবে সাপটিকে বনের গহিন অরণ্যে ছেড়ে দেয়।
উদ্ধার হওয়া সাপটি ১৪ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৪০ কেজি। বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই দিন রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ কার্যালয়সংলগ্ন এলাকার একজনের বাড়িতে সাপটি ঢুকে পড়ে।
স্থানীয় বাসিন্দা মিজান মিয়া জানান, সাপটি তার বাড়িতে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধারকারীরা এসে সাপটিকে ধরে লাউয়াছড়া বনে নিয়ে যায়।
ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের মাঠ সহকারী চঞ্চল গোয়ালা বলেন, ‘উদ্ধার করা অজগরটি সুস্থ থাকায় বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সেটিকে লাউয়াছড়ার গহিন বনে অবমুক্ত করা হয়েছে।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সাপটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।