খাগড়াছড়ি ও সাতক্ষীরা থেকে ২ অজগর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি ও সাতক্ষীরা

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ৮ ফুট লম্বা বার্মিজ প্রজাতির একটি অজগর উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, সাতক্ষীরার শ্যামনগর থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

আজ সোমবার সকাল ৯টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।

রাঙ্গামাটির ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের মেরুং রেঞ্জের উপ-বন সংরক্ষক মো. জাফরুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, জমির পানি নামার একটি নালায় মাছ ধরার জন্য পাতা জালে অজগর সাপটি আটকা পড়ে। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্সের সংগঠক হৃদয় বড়ুয়া সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

পরে অজগরটিকে বন বিভাগের মেরুং রেঞ্জের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

শ্যামনগরে আজ সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনসংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে উদ্ধার করা হয় অজগরটিকে।

নীলডুমুর বাজারে থেকে উদ্ধার অজগরটি। ছবি: সংগৃহীত 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অজগরটিকে অবমুক্ত করা হয়েছে।’

নীলডুমুর বাজারের ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খুলতেই ভেতরে একটি বড় অজগর দেখতে পান। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে বনকর্মী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা অজগরটিকে উদ্ধার করেন।