৪ দিন পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র
যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক টেলিফোনে দ্য ডেইলি স্টারকে জানান, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর বুধবার রাত আনুমানিক ৯টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।
ফলে জাতীয় গ্রিডে প্রায় ৫৫-৬০ মেগাওয়াট (এমডব্লিউ) বিদ্যুৎ যুক্ত হয়েছে।
এর আগে রোববার সকালে বয়লার টিউব ফেটে যাওয়ায় ইউনিট-১ এ বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। গত কয়েক মাস ধরে কেবলমাত্র এই ইউনিট চালু ছিল।
২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিট-৩ গত বছরের ১ নভেম্বর থেকে যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ রয়েছে। অন্যদিকে, ইউনিট-২ ২০২০ সাল থেকেই অচল।
প্রয়োজনীয় যন্ত্রাংশ চীন থেকে এলে ইউনিট-৩ এর মেরামত সম্পন্ন হবে। আবু বকর সিদ্দিক জানিয়েছেন, যন্ত্রাংশ আসতে মার্চ মাস বা আরও দেরি হতে পারে।