ঢাকার ৯ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না বৃহস্পতিবার

স্টার অনলাইন রিপোর্ট

পাইপলাইন স্থানান্তর ও ভাল্‌ভ স্থাপনের কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বাসাবো, খিলগাঁও, মালিবাগসহ নয়টি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এসব এলাকায় আবাসিক ও বাণিজ্যিক—সব শ্রেণির গ্রাহকের জন্যই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্‌ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন করা হবে। এ কাজের জন্যই ওই এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া একই সময়ে এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।