কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী
কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এই সংকট সৃষ্টিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার ডিসি কনফারেন্সের ফাঁকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কনফারেন্সে তিনি জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরেন।
জ্বালানিমন্ত্রী বলেন, ‘কিছু দিন আগে একটা (জ্বালানি তেলের) কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা (জেলা প্রশাসক) একটা সক্রিয় ভূমিকা পালন করেছে এবং তাদের সহযোগিতায় কৃত্রিম সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি।’
আগামী পাঁচ বছরে সোলার থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্যে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কার্যালয় এবং অন্যান্য দপ্তরের ছাদে অতি দ্রুত সোলার প্যানেল বসানোর তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া হয়েছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘দুই-তিন মাসের মধ্যে এটা শেষ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি।’
লোডশেডিং নিয়ে জেলা প্রশাসকরা উদ্বেগ প্রকাশ করেছেন কি না জানতে চাইলে ইকবাল হাসান বলেন, ‘লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল। যেহেতু এটা মেশিন, সেই সময় দুটো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। কয়েক দিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম, সাত দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে, তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না। আমাদের যে জেনারেশন আছে, সেটা দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি।’
গ্রামে লোডশেডিং নাই বলেও দাবি করেন ইকবাল হাসান।
ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে সময় লাগে, সে জন্য বিদ্যুৎ আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে,’ আরেক প্রশ্নের জবাবে বলেন তিনি।
‘তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয়নি’ উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, ‘যেটুকু লোডশেডিং হয়েছিল তখন, যন্ত্রের জন্য হয়েছিল। (যন্ত্র) সেগুলো আবার (সচল হয়েছে) ফেরত আসছে।’
তিনি আরও বলেন, ‘তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনো হবে না, কখনোই হবে না। কারণ আমাদের পর্যাপ্ত মজুত আছে এবং আমরা (জ্বালানি তেল) কিনেই যাচ্ছি।’
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে ইকবাল হাসান বলেন, ‘অতি দ্রুত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি।’