দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারালেন উগান্ডার তারকা ফুটবলার
উগান্ডা জাতীয় ফুটবল দলের তারকা এবং দেশটির অন্যতম শীর্ষ ক্লাবের অধিনায়ক ডেভিড ওওরি রাজধানী কামপালায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারা গেছেন। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
উগান্ডা পুলিশের মুখপাত্র র্যাচেল কাওয়ালা জানান, মঙ্গলবার কামপালার উপকণ্ঠে ২৮ বছর বয়সী এসসি ভিলার অধিনায়ক ওওরিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মারাত্মক জখম করে।
পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উগান্ডা ফুটবল ফেডারেশন এক শোকবার্তায় জানিয়েছে, ‘ডেভিড শুধু একজন ফুটবলারই ছিলেন না। তিনি ছিলেন তরুণ প্রজন্মের একজন অনুপ্রেরণাদায়ী নেতা। এসসি ভিলার অধিনায়ক হিসেবে তিনি সাহসিকতা, বিনয় ও উদ্দীপনার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন। উগান্ডা জাতীয় দলের জার্সিতে তিনি পুরো দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতেন।’
পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানীতে অপরাধ প্রবণতা মারাত্মক রূপ ধারণ করেছে। ওওরির এই নির্মম হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। দেশটির চরম আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়েও সাধারণ মানুষ তীব্র সমালোচনা করছেন।
এর আগে গত জুন মাসেও উগান্ডার আরেক জনপ্রিয় ক্রীড়াবিদ একইভাবে প্রাণ হারান। পুলিশ জানায়, চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা গিয়েছিলেন সিডনি গংগোদিয়ো নামের এক রাগবি খেলোয়াড়।
সরকারি ক্রীড়া সংস্থা ‘ন্যাশনাল কাউন্সিল অব স্পোর্টস উগান্ডা’ জানিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক সময়ে উগান্ডার ক্রীড়াঙ্গন একের পর এক ট্র্যাজেডির শিকার হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার এবং এর একটি স্থায়ী সমাধান আশা করছি।’
সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানা গেছে, দেশটির ডেপুটি স্পিকার থমাস তাইয়েবওয়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন।