জ্বালানি তেল কেনার সীমা তুলে নিলো সরকার

স্টার অনলাইন রিপোর্ট

সরকার জ্বালানি তেল কেনায় রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

আজ রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদের ছুটিতে মানুষের যাতায়াত সহজ করা এবং চলমান বোরো মৌসুমে কৃষকদের জ্বালানি চাহিদা পূরণের জন্য এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাহিদা অনুযায়ী সব বিতরণকেন্দ্র থেকে জ্বালানি সরবরাহ করা হবে।

চট্টগ্রাম বন্দরে কয়েকটি আমদানি করা জ্বালানির চালান পৌঁছানোর পর সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার রেশনিংসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল।