চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড়ের প্রতিরক্ষা দেয়াল ধসে নিহত ১, শিশুসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড়ের পাদদেশের প্রতিরক্ষা দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ শিশুসহ এক পরিবারের ৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব নাসিরাবাদের রহমান নগর এলাকার বি-ব্লকের ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শফিকুল ইসলাম (৩২) ওই রোডের একটি টিনশেড ঘরে থাকতেন।

আহতরা হলেন—শফিকুলের ৪ বছর বয়সী ছেলে সোহান, ২ বছর বয়সী মেয়ে ছাইফা ও শাশুড়ি মঞ্জিলা বেগম (৪৫)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনবরত ভারী বর্ষণে রহমান নগর এলাকার বি-ব্লকে পাহাড়ের গাইড দেয়ালটি দুর্বল হয়ে পড়ে। হঠাৎ আজ বিকেলের দিকে দেয়ালটি বিকট শব্দে নিচের অস্থায়ী টিনশেড ঘরের ওপর ভেঙে পড়ে।

দুর্ঘটনার পরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, 'পরিবারটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে একটি টিনশেড ঘরে বসবাস করছিল। ভারী বৃষ্টিতে পাহাড়ের রিটেইনিং দেয়ালটি সরাসরি তাদের ঘরের ওপর ধসে পড়ে। এতে বাসিন্দারা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নারী ও ২ শিশুকে উদ্ধারের পাশাপাশি শফিকুলের মরদেহ উদ্ধার করেন।'

ওসি জাহিদুল ইসলাম বলেন, 'পাহাড়ের পাদদেশের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। আরও ৩ জনকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।'