ঈদে যে ৬ সিনেমা দেখা যাবে টেলিভিশনে

স্টার অনলাইন রিপোর্ট

ঈদ মানেই টেলিভিশন চ্যানেলগুলোতে থাকে বিশেষ আয়োজন। ইতোমধ্যে ছয়টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ারের ঘোষণা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই।

তাদের তালিকায় রয়েছে ‘অন্তরাত্মা’, ‘দাগি’, ‘প্রিয় মালতী’, ‘ইনসাফ’, ‘মন যে বোঝে না’ ও ‘জ্বীন থ্রি’।

ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে এই ৬ সিনেমা।

ঈদের দিন প্রচার হবে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। পরিচালনায় ছিলেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরী।

ঈদের দ্বিতীয় দিন থাকছে ‘দাগি’। গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি আফরান নিশো ও তমা মির্জা জুটির দ্বিতীয় কাজ। পরিচালনা করেছেন শিহাব শাহীন।

ঈদের তৃতীয় দিনে প্রচার হবে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় মালতী’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার পরিচালক শঙ্খ দাশগুপ্ত। এতে মেহজাবীন অভিনয় করেছেন মালতী রানী দাশ চরিত্রে। সিনেমাটিতে আরও আছেন আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী ও সমু চৌধুরী।

চতুর্থ দিনে প্রচারিত হবে ‘ইনসাফ’। সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ। পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

ঈদের পঞ্চম দিনে টিভি প্রিমিয়ার হবে ‘মন যে বোঝে না’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও তমা মির্জা।

সবশেষে প্রচারিত হবে ‘জ্বীন থ্রি’। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমাটি ‘জ্বীন’ সিরিজের তৃতীয় কিস্তি। ভৌতিক ঘরানার এ ছবিতে সম্পর্ক, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের গল্প উঠে এসেছে। অভিনয়ে রয়েছেন আবদুন নূর সজল ও ফারিয়া।