বিজয়-রাশমিকার বিয়ের ভেন্যুর এক দিনের ভাড়া কত?
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
আরাবল্লী পর্বতমালার কোলে উদয়পুরের একায়া এলাকায় অবস্থিত আইটিসি মেমেন্টোস হোটেলে ঐতিহ্যবাহী রীতিতে তারা বিয়ে করেন।
বিয়ের ভেন্যুর ভেতরে যা আছে
ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত বিলাসবহুল এই বিয়ের ভেন্যুটি আরাবল্লী পাহাড়ের মাঝে অবস্থিত। চারপাশে সবুজে ঘেরা এই স্থান থেকে নির্মল হ্রদের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। ব্যক্তি মালিকানাধীন বিলাসবহুল এই হোটেলটি বেশ নিরিবিলি ও আড়ম্বরপূর্ণ।
হোটেলটিতে রয়েছে নানা ধরনের বিলাসবহুল থাকার ব্যবস্থা, যেমন—ভ্যালি ভিউ ভিলা, লেক ভিউ ভিলা, প্রিমিয়াম ভিলা, আরাবল্লী সুইট, মেমেন্টোস সুইট, প্রেসিডেনশিয়াল সুইট এবং অত্যন্ত বিলাসবহুল গ্র্যান্ড প্রেসিডেনশিয়াল সুইট।
প্রতিটি কক্ষ এমনভাবে নকশা করা হয়েছে, যেন আধুনিক আভিজাত্যের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয় থাকে।
এই হোটেলটিতে পাহাড়ঘেরা পরিবেশে ১১৭টি সুইট ও ভিলা রয়েছে, যেখানে অতিথিরা বিশ্রাম নিতে পারেন। এখানে স্থানীয় ও আন্তর্জাতিক নানা পদের খাবার পরিবেশন করা হয়।
এখানে পাঁচটি ডাইনিং স্পেস রয়েছে, যথাক্রমে মাল্টি-কুইজিন রেস্তোরাঁ ‘উদাই প্যাভিলিয়ন’, ভারতীয় খাবারের জন্য ‘কেবাবস অ্যান্ড কারিজ’, নিরামিষ বিলাসবহুল খাবারের জন্য ‘রয়্যাল ভেগা’, ‘দ্য রক বার’ নামে একটি ক্লাব এবং ‘আরাবল্লী লাউঞ্জ’ নামে একটি বার।
বিয়ের আয়োজনের জন্য এখানে ‘ম্যাজিক্যাল ফরেস্ট’ নামে একটি বিশেষ স্থান আছে। এছাড়া ‘ফ্র্যাঞ্জিপানি লন’-এ প্রায় তিন হাজার অতিথিকে আপ্যায়ন করা সম্ভব।
বিয়ের ভেন্যুর খরচ কত
এখানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা সবার জন্য সম্ভব নয়। কারণ এই হোটেলটি অত্যন্ত ব্যয়বহুল।
হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ৪৫ বর্গমিটারের একটি ভিলা প্রতিদিনের জন্য প্রায় ৩৫ হাজার ৪৯৯ রুপি (ট্যাক্স ও অন্যান্য ফি ছাড়া)। এখানে সর্বোচ্চ চারজন থাকতে পারেন।
অন্যদিকে, ৮৫ বর্গমিটারের একটি সুইটের ভাড়া প্রতিদিন প্রায় ৭১ হাজার ৪৯৯ রুপি পর্যন্ত হতে পারে (ট্যাক্স ও অন্যান্য ফি ছাড়া)।