৩ সিনেমায় ৩ রকম চরিত্রে বিদ্যা সিনহা মিম

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

বিদ্যা সিনহা মিম অভিনীত প্রথম সিনেমা ‘আমার আছে জল’। পরিচালনা করেন হুমায়ুন আহমেদ। ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এরপর তার ক্যারিয়ারে শুধুই সাফল্যের গল্প। 

অসংখ্য নাটক, সিনেমা ও ওয়েব ফিল্ম/সিরিজে অভিনয় করেছেন মিম । কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন এই নন্দিত তারকা। 

 

লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হয়েছিলেন তিনি।

মিম এখন নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজও শেষ হয়েছে। সব মিলিয়ে তিনটি নতুন সিনেমা আসছে তার।

কিছুদিন আগে কুয়াকাটায় শুটিং করেছেন মিম। কাজী আজাদ পরিচালিত ‘লাইফ লাইন’ নামের ওয়েব ফিল্মে মিমকে দেখা যাবে নতুন একটি চরিত্রে এবং নতুন গল্পে।

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার
বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

 

‘লাইফ লাইন’ ওয়েব ফিল্মটি মিম অভিনীত চরিত্রের জীবনের নানা ঘটনাকে ঘিরে নির্মিত হয়েছে। 

মিম বলেন, ‘লাইফ লাইন ওয়েব ফিল্মের শুটিং করেছি কুয়াকাটায়। মনোরম লোকেশনে কাজ করেছি। অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। খুব ভালো একটি কাজ হয়েছে। সামনেই মুক্তি পাবে এটি।’

‘লাইফ লাইন মূলত একটি নারীর জীবনযাপনের গল্প। সিনেমায় একজন মেয়ের জার্নি দেখানো হয়েছে। অভিনয় ভিত্তিক সিনেমা এটা। এতে আমার অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছি’, জানান মিম। 

দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মটি দর্শকদের ভালো লাগবে। নতুন কাজগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন।’

বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার
বিদ্যা সিনহা মিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

কতটা চ্যালেঞ্জিং ছিল চরিত্রটি? এই প্রশ্নের জবাবে মিম বলেন, ‘চ্যালেঞ্জিং তো ছিলই। আউটডোরে শুটিং করেছি। অন্যরকম একটি সিনেমা। চরের দিকে কাজ হয়েছে। কষ্ট ও ভালো লাগা—দুটোই ছিল। অভিনয় এঞ্জয় করি বলেই তো কাজ করি।’

এদিকে, ‘জীবন অপেরা’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন মিম। পরিচালনা করছেন আলভী আহমেদ।

‘জীবন অপেরা’ সম্পর্কে মিম বলেন, ‘গল্পটা ইন্টারেস্টিং। যখন মুক্তি পাবে তখন দর্শকরা সবকিছু জানতে পারবেন। এখন কাজটা করছি। এটুকু বলতে পারি, খুব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমার শুটিং শেষ করেছেন সাবেক লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম। 

বিদ্যা সিনহা মিম। ছবি: অর্কিড চাকমা/স্টার
বিদ্যা সিনহা মিম। ছবি: অর্কিড চাকমা/স্টার

 

ওই সিনেমায় প্রায় চার বছর বিরতির পর মিম ও আরিফিন শুভ জুটি হয়েছেন। এর সর্বশেষ ‘সাপলুডু’ সিনেমায় তারা জুটি হয়েছিলেন।

মিম বলেন, ‘দর্শকরা আমাকে ও আরিফিন শুভকে অনেক দিন পর একসঙ্গে দেখতে পারবেন। কাজটি ভালো হয়েছে।’

মিমের ক্যারিয়ার শুরু হয়েছিল লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এই প্রতিযোগিতায় তিনি সেরা হয়েছিলেন।

মিম বলেন, ‘আজকে আমার যত পরিচিতি, তা ওই প্রতিযোগিতা দিয়েই। এটা তো বলার অপেক্ষা রাখে না।’