‘পর্দার মায়ার সঙ্গে বাস্তবের মিমের মিল নেই’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়। এরপর আরও অনেক সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। কয়েক বছর আগের ঈদে তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি ব্যাপক আলোচনা তৈরি করেছিল।
বিরতির পর এবারের ঈদে মুক্তি পাচ্ছে মিমের নতুন সিনেমা ‘মালিক’। সাঈফ চন্দন পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিনেমা নিয়ে সম্প্রতি নিজের প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তিনি।
‘মালিক’ সিনেমার একটি গান ও ট্রেলার প্রকাশ পেয়েছে। এ বিষয়ে মিম বলেন, ‘আমার ভক্তরা দারুণ খুশি। অনেক দিন পর ঈদে তারা আমার নতুন সিনেমা পেতে যাচ্ছেন, এ জন্য তারা আনন্দিত। সবাই নিজেদের ভালো লাগার অনুভূতি প্রকাশ করছেন। ভক্তদের খুশিতে আমিও খুশি।’
নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘“মালিক” নিয়ে আমার প্রত্যাশা অনেক। এই সিনেমা দেখে দর্শকেরা আনন্দ পাবেন। এখানে অ্যাকশনসহ অনেক কিছুই আছে দেখার মতো। দর্শকেরা যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, এখানে তার সবই আছে।’
সিনেমায় মিমের চরিত্রের নাম ‘মায়া’। পর্দায় মায়াকে দুই রূপে দেখা যাবে। চরিত্রের ভিন্নতা নিয়ে মিম বলেন, ‘চরিত্রের প্রয়োজনে আমাকে দুইভাবে দেখা যাবে। পর্দার মায়া খুব চঞ্চল, যার সঙ্গে বাস্তবের আমার কোনো মিল নেই। আবার মায়াকে অন্য রকম এক রূপেও দেখা যাবে।’
গল্প ও চরিত্র নিয়ে মিম আরও বলেন, ‘মালিক সিনেমার গল্পটা অন্য রকম। এই সিনেমায় অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি, অভিনয়ের দারুণ সুযোগ পেয়েছি। অনেক দিন পর দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন।’
মিম ও আরিফিন শুভ জুটি হয়ে প্রথম অভিনয় করেন ‘তারকাঁটা’ সিনেমায়। এরপর তারা জুটি বাঁধেন ‘সাপলুডু’তে। এবার ‘মালিক’ দিয়ে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি হলেন তারা।