মাঠে অশোভন আচরণ: জয়সওয়াল ও অসিথার শাস্তি
কলম্বো টেস্টের প্রথম দিনে মাঠে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার অসিথা ফার্নান্দো। রোববারের এই ঘটনার দায়ে দুজনেরই ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাশাপাশি আইসিসির শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের ব্যক্তিগত রেকর্ডে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম দিন সকালের সেশনে, ১৭তম ওভারের শেষ বলে। অসিথার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন জয়সওয়াল। তখন শ্রীলঙ্কান ক্রিকেটাররা অসিথাকে ঘিরে উদযাপন করার সময় সম্ভবত কোনো মন্তব্য করা হয়। তা শুনে জয়সওয়াল হুট করেই হাঁটার গতি বদলে অসিথার দিকে এগিয়ে যান।
আইসিসি জানায়, 'জয়সওয়াল ফার্নান্দোর দিকে হেঁটে যান এবং দুজনই বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ফার্নান্দো মাথা উঁচিয়ে এগিয়ে এলে জয়সওয়ালও শরীর বাড়িয়ে দেন, যার ফলে দুজনের হেলমেট ও মাথায় ধাক্কা লাগে।'
তবে টিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, শারীরিক সংঘাতের সূচনাটা জয়সওয়ালের দিক থেকেই হয়েছিল। আউট হয়ে যাওয়ার পর তিনি ঘুরে অসিথার দিকে যান। জবাবে অসিথাও দু-এক পা বাড়ান। এরপর হেলমেট পড়া অবস্থায় জয়সওয়াল অসিথার দিকে মাথা ঝুঁকালে অসিথাও সরে না দাঁড়িয়ে মুখোমুখি হন।আইসিসির আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের দায়ে তাদের এই শাস্তি দেওয়া হলো। গত ২৪ মাসের মধ্যে এই দুজন খেলোয়াড়ের কারোই এমন কোনো অপরাধের রেকর্ড ছিল না।
লেভেল-১ অপরাধের সর্বনিম্ন শাস্তি আইসিসির অফিশিয়াল তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত যখন ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায়, তখন ৫৩ বলে ৪৫ রান করে ফেরেন জয়সওয়াল। পরে প্রথম দিনের খেলা শেষে ভারতের রান দাঁড়ায় ৩০০/৫। দিন শেষে অসিথা শুভমান গিল ও রবীন্দ্র জাদেজার উইকেটও শিকার করেন।
গালে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১৬৫ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।
