শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষায় বসে সবাই জিপিএ-৫ পেয়েছে। এখন শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় স্কুল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

স্কুলটির বিরুদ্ধে অভিযোগ, জিপিএ-৫ পাওয়ার হার বাড়াতে অনেক শিক্ষার্থীকে পরীক্ষাতেই বসতে দেওয়া হয় না। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়।

এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির শতভাগ জিপিএ-৫ অর্জনের বিষয়ে সার্বিক সত্যতা যাচাই এবং ঘটনার ব্যাখ্যা চেয়ে স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বোর্ডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ফলাফল ও এ-সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক মো. ইমন আহমেদ বলেন, ‘শোকজের বিষয়ে আমরা অবগত আছি। আমাদের ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৩ জন টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাদের বাদ দিয়ে ৩৮২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তারা সবাই জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমাদের সব কাজের স্বচ্ছতা রয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডকে জবাব দেব।’