ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ফরিদপুরে আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।

গতকাল বৃহস্পতিবার জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কেন্দ্রের নতুন ক্যাম্পাসে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ উপস্থিত ছিলেন। 

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী ইশতেহারে শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেয়। সেই ধারাবাহিকতায় শিক্ষার সুষ্ঠু প্রসারে এই সরকার অঙ্গীকারবদ্ধ।’

ভিসি ড. আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেশনজটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে সহজ করার ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র।’