দক্ষ, মানবিক ও উদ্ভাবনী কৃষিবিদ হতে হবে: খুকৃবি উপাচার্য
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবাগত শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও উদ্ভাবনী কৃষিবিদ হওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
আজ শনিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে খুকৃবির নবীন বরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান।
খুকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, ‘দক্ষতা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা, জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি ও সৃজনশীলতাকে ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা হবে মানবিক, দক্ষ, সৎ, উদ্ভাবনী ও দায়িত্বশীল কৃষিবিদ। দেশের প্রায় ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও দারিদ্র্য বিমোচনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘কৃষির বহুমাত্রিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে হবে।’
বিশেষ অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। সময়কে কোনোভাবেই হেলাফেলা করে নষ্ট করা যাবে না। সময়ের যথাযথ ব্যবহার করে জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।’
অনুষ্ঠানে কৃষি শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়াতে এসিআই মোটরস, লাল তীর ও বায়ার ক্রপ সায়েন্সের সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।