শিল্পকলা একাডেমিতে ইউল্যাব শিক্ষার্থীদের ‘প্ল্যাটফর্ম সোসাইটি ইন দ্য গ্লোবাল সাউথ’ প্রদর্শনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের ‘প্ল্যাটফর্ম সোসাইটি ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক কারিকুলাম ইন্টিগ্রেশন সামার ২০২৬ প্রদর্শনী শুরু হচ্ছে।
আজ বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১৪ আগস্ট বিকেল ৪টায় জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি ৩ ও ৪-এ প্রদর্শনীটির উদ্বোধন হবে। এটি ১৬ আগস্ট রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবেও এগুলো কাজ করছে।
বাংলাদেশেও ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্ম সংবাদ বিতরণ, ব্যবসা, আন্দোলন ও সাংস্কৃতিক চর্চার ওপর প্রভাব ফেলছে। এসব প্ল্যাটফর্মের পেছনে থাকা ডেটা, অ্যালগরিদম ও নীতিমালার মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব অবকাঠামোর মালিকানা মূলত দেশের বাইরের প্রতিষ্ঠানগুলোর হাতে।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা কমিউনিকেশন ক্যাম্পেইন, আলোকচিত্র, চলচ্চিত্র, ভিজ্যুয়াল ও ডিজিটাল আর্টসহ বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে প্ল্যাটফর্ম সোসাইটির তাত্ত্বিক ধারণাকে বাংলাদেশের স্থানীয় ও দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে তুলে ধরেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রদর্শনীর সমাপনী আয়োজনে ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা ভবনের অডিটোরিয়ামে অডিওভিজ্যুয়াল স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র ও পরীক্ষামূলক কাজ প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে অধ্যাপক ফিরদৌস আজিম ও মিরাজ আহমেদ চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, কারিকুলাম ইন্টিগ্রেশন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের একটি উদ্যোগ। প্রতি সেমিস্টারে একটি নির্দিষ্ট দার্শনিক বা সমাজতাত্ত্বিক ধারণাকে কেন্দ্র করে বিভিন্ন বর্ষ ও বিশেষায়নের শিক্ষার্থী এবং শিক্ষকরা একসঙ্গে কাজ করেন।
শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক ও সৃজনশীল কাজগুলো পরে একটি আন্তঃবিষয়ক প্রদর্শনীতে উপস্থাপন করা হয়।