বিক্ষোভের মধ্যেই যোগ দিলেন ডুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অষ্টম উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

গত ১৪ মে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেওয়া হয়। 

ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. রায়হান হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

গত কয়েকদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এর একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আলাদা। তাই বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত ছিল।

গতকাল রোববার এই উত্তেজনা সংঘর্ষে গড়ায়। এতে অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যেই কাজে যোগ দিলেন নতুন উপাচার্য।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাস প্রাঙ্গণে অবস্থান ও দায়িত্ব পালন করবেন।

গতকাল রোববার দায়িত্ব পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক ও রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন নতুন উপাচার্য। 

সভায় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, মানসম্মত গবেষণা এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের (শিল্প-একাডেমিক সহযোগিতা) মাধ্যমে ডুয়েটকে সামগ্রিকভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

ডুয়েটের উপাচার্য হিসেবে যোগদানের আগে মোহাম্মদ ইকবাল সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

দীর্ঘ ৩৪ বছরের দীর্ঘ পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বেও ছিলেন।

২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের 'মেরি ও’কনর প্রসেস সেফটি সেন্টার'-এ ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে কাজ করেন।

শিক্ষাজীবনে অধ্যাপক ইকবাল ভারতের অন্ধ্র প্রদেশের 'শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং' থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরগোনোমিক্স অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এবং এনভায়রনমেন্ট সংশ্লিষ্ট বিষয়ে তার সমৃদ্ধ শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তার ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিক কনফারেন্সে তিনি ৯০টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন।

গবেষণায় অবদানের জন্য তিনি 'ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট (আইইওএম) সোসাইটি ইন্টারন্যাশনাল' থেকে 'ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড'-সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।