চবিতে প্রথম ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন চালু

নিজস্ব সংবাদদাতা, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন সেবা চালু হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই হেল্পলাইন সেবা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যৌথ উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে। 

উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, এই হেল্পলাইন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জরুরি সেবা অনেক বেশি সহজলভ্য হবে। আমি আশা করি, শিক্ষার্থীরা এই সেবাটি যথাযথভাবে ব্যবহার করবে। এটি তাদের দৈনন্দিন জীবনে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে জরুরি হেল্পলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, জরুরি হেল্পলাইন না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত ছিলেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই হেল্পলাইন চালু করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি হেল্পলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো সময় চিকিৎসা, নিরাপত্তা, প্রক্টর অফিস, প্রকৌশল অফিস, আইসিটি সেল ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্যসহ বিভিন্ন জরুরি সেবা নিতে পারবেন।