চবিতে একদিনের ব্যবধানে আরেকটি কিং কোবরা উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একদিনের ব্যবধানে আরও একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের নাট্যকলা বিভাগের পাশের একটি এলাকা থেকে সাপটি উদ্ধার করে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ)।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সাপটি দেখতে পেয়ে সংগঠনের হেল্পলাইনে যোগাযোগ করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর সাপটিকে নিরাপদে ধরতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরাটির ওজন আনুমানিক ৬ কেজি।
সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল আল হায়দার জানান, পরিবেশগত পরিবর্তনের কারণেই সম্প্রতি ক্যাম্পাসে কিং কোবরা দেখতে পাওয়ার ঘটনা বেড়েছে।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়ি এলাকাগুলোয় বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা চাষাবাদসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। এতে সাপের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হচ্ছে। আশ্রয়ের খোঁজে তারা লোকালয়ে চলে আসছে।’
এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা আরেকটি কিং কোবরা উদ্ধার করা হয়।