কর্মজীবনে সফল মানুষদের যে ১০টি অভ্যাস থাকে
কর্মজীবনে কে বেশি সফল হন? কেবল মেধাবী বা প্রতিভাবান মানুষই কি সাফল্যের শিখরে পৌঁছান? না, আসলে দীর্ঘমেয়াদি সাফল্যের পেছনে প্রতিভার পাশাপাশি শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা, লক্ষ্য নির্ধারণ ও নিয়মিত চর্চার বড় ভূমিকা আছে।
বিশ্বের সফল ক্রীড়াবিদ, চিকিৎসক, উদ্যোক্তা, সামরিক কর্মকর্তা কিংবা মহাকাশচারীদের জীবনযাপন বিশ্লেষণ করলে তাদের মধ্যে বেশ কিছু অভ্যাসের মিল দেখা যায়। তারা সাধারণত সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন, মনোযোগ ধরে রাখেন ও প্রতিদিন আরও ভালো করার চেষ্টা করেন।
ফোর্বস, বিজনেস ইনসাইডার ও এন্টারপ্রেনারের প্রতিবেদনে সবচেয়ে সফল মানুষের মধ্যে থাকা ১০টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও অভ্যাসের কথা বলা হয়েছে। সেই অভ্যাসগুলো এখানে তুলে ধরা হলো।
প্রতিকূলতা সামলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা
সফল মানুষ ব্যর্থতা বা কঠিন পরিস্থিতিতে সহজে ভেঙে পড়েন না। বরং সমস্যা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করেন।
কোনো ব্যবসায় লোকসান, পরীক্ষায় ব্যর্থতা কিংবা কর্মক্ষেত্রে বড় কোনো ভুল, এসবকে তারা শেষ হিসেবে দেখেন না। বরং কীভাবে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়, সেটাই ভাবেন।
এই মানসিক শক্তিকে বলা যায় প্রতিকূলতার পর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা।
মানসিক দৃঢ়তা
সাফল্যের পথে চাপ, হতাশা ও অনিশ্চয়তা থাকবেই। কর্মজীবনে সফল মানুষ এসব পরিস্থিতিতেও নিজেদের লক্ষ্য থেকে সহজে সরে যান না।
তারা চাপের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন এবং কঠিন সময়েও মনোযোগ ধরে রাখার চেষ্টা করেন।
স্পষ্ট লক্ষ্য নির্ধারণ
‘আমি সফল হতে চাই’ এমন অস্পষ্ট লক্ষ্য না রেখে সফল মানুষ সাধারণত নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেন।
তারা বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে নেন। এতে কোন কাজ কখন করতে হবে, সেটি পরিষ্কার থাকে এবং কাজের অগ্রগতি পরিমাপ করাও সহজ হয়।
শৃঙ্খলা ও নিষ্ঠা
প্রতিভা থাকলেই সফল হওয়া যায় না। প্রতিদিন নিয়ম মেনে কাজ করার অভ্যাসও দরকার।
সফল মানুষ সাধারণত নিজের কাজ বা দক্ষতা বাড়াতে নিয়মিত সময় দেন। ভালো ফল পাওয়ার জন্য তারা ধারাবাহিকভাবে পরিশ্রম করেন এবং নিজের দায়িত্বকে গুরুত্ব দেন।
নির্দিষ্ট রুটিন মেনে চলা
কর্মজীবনে সফল মানুষের জীবনে একটি নির্দিষ্ট রুটিন দেখা যায়। দিনের গুরুত্বপূর্ণ কাজ কখন করবেন, কখন বিশ্রাম নেবেন, কীভাবে সময় ব্যবহার করবেন, এসব বিষয়ে তাদের পরিকল্পনা থাকে।
এ ধরনের রুটিন মনোযোগ ধরে রাখতে এবং গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিতে সাহায্য করে।
পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া
পরিস্থিতি সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। সফল মানুষ এই পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেন।
কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তি, ব্যবসায় বাজারের পরিবর্তন কিংবা কোনো অপ্রত্যাশিত সমস্যায় পরিস্থিতি বদলে গেলে তারাও নিজেদের কৌশল পরিবর্তন করেন।
অর্থাৎ, তারা কেবল একটি পরিকল্পনার ওপর নির্ভর করে থাকেন না।
দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা
অনেকেই মনে করেন সফল হতে হলে একাই সব করতে হবে। বাস্তবে বড় সাফল্যের পেছনে ভালো একটি দলের ভূমিকা থাকে।
সফল মানুষ জানেন কখন অন্যের সাহায্য নিতে হবে, কীভাবে দায়িত্ব ভাগ করতে হবে এবং কীভাবে সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
একজন ভালো নেতা কেবল নিজে ভালো কাজ করেন না, তার আশপাশের মানুষদেরও ভালোভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেন।
ইতিবাচক মানসিকতা ও কল্পনায় প্রস্তুতি
সফল মানুষ অনেক সময় কোনো কাজ শুরু করার আগেই সম্ভাব্য পরিস্থিতি কল্পনা করে প্রস্তুতি নেন।
কী ধরনের সমস্যা আসতে পারে, কীভাবে সেটি মোকাবিলা করবেন এসব মানসিকভাবে আগে থেকে অনুশীলন করা তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে।
এই পদ্ধতিকে মানসিকভাবে পরিস্থিতি কল্পনা করে প্রস্তুতি নেওয়া বলা হয়।
প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা
সফল মানুষ মনে করেন শেখার কোনো শেষ নেই। তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেন, অন্যের পরামর্শ গ্রহণ করেন এবং নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করেন।
আজ যে জায়গায় আছেন, সেখানেই থেমে না থেকে আগামীকাল আরও ভালো করার চেষ্টা করাই তাদের অন্যতম বৈশিষ্ট্য।
হিসাব করে ঝুঁকি নেওয়া ও নতুন কিছু করার সাহস
সফল উদ্যোক্তা বা পেশাজীবীরা সবসময় নিরাপদ পথ বেছে নেন না। তবে তারা সাধারণত অন্ধভাবে ঝুঁকি নেন না; বরং সম্ভাব্য লাভ-ক্ষতি বিবেচনা করে সিদ্ধান্ত নেন।
নতুন ধারণা নিয়ে কাজ করা, প্রচলিত পদ্ধতির বাইরে চিন্তা করা এবং প্রয়োজন হলে নতুন পথে এগিয়ে যাওয়ার সাহস তাদের এগিয়ে দেয়।
আসলে সাফল্যের সংজ্ঞা সবার কাছে এক নয়। কারও কাছে ভালো চাকরি পাওয়া সাফল্য, কারও কাছে ব্যবসা দাঁড় করানো, আবার কারও কাছে নিজের পছন্দের কাজে দক্ষ হয়ে ওঠাই সাফল্য।
তবে ক্ষেত্র আলাদা হলেও সফল মানুষদের কাজের ধরনে কিছু মিল থাকে। শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা, লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিয়মিত নিজেকে উন্নত করার চেষ্টা, এসব গুণ তাদের এগিয়ে যেতে সাহায্য করে।
তাই কর্মজীবনে এগিয়ে যেতে চাইলে কেবল প্রতিভার ওপর নির্ভর না করে নিজের দৈনন্দিন অভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। কারণ সাফল্য একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাসই ধীরে ধীরে বড় ফল তৈরি করে।