মাথায় আঘাত পাওয়া এনগিডি ‘স্থিতিশীল’, শিগগিরই ছাড়বেন হাসপাতাল

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পাওয়ায় দিল্লি ক্যাপিটালসের বোলার লুঙ্গি এনগিডিকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দক্ষিণ আফ্রিকার এই পেসারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাকে শিগগিরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াঙ্ক আর্যর তোলা একটি উঁচু ক্যাচ ধরার জন্য মিড-অফ পজিশন থেকে পেছন দিকে দৌড়াচ্ছিলেন এনগিডি। কিন্তু বলের গতিপথ বুঝতে ভুল করায় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার মাথার পেছনের অংশ সজোরে মাটিতে আঘাত করে।

দলের ফিজিওর সাথে প্রাথমিক কথাবার্তার পরও এনগিডি মাথা চেপে ধরে মাঠেই শুয়ে ছিলেন এবং তাকে প্রায় নির্জীব অবস্থায় দেখা যায়।

এরপর দ্রুতই ৩০ বছর বয়সী এই পেসারকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। তাকে দিল্লির একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মাঠের ভেতরেই অ্যাম্বুলেন্স প্রবেশ করেছিল। এই ঘটনার কারণে অরুণ জেটলি স্টেডিয়ামে ১৫ মিনিট খেলা বন্ধ থাকে।

আইপিএলের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, 'মাথা ও ঘাড়ে ব্যথার কথা জানানোয় তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে স্থানান্তর করা হয়। এনগিডি বর্তমানে স্থিতিশীল আছেন এবং তাকে শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।'

এনগিডির 'কনকাশন সাবস্টিটিউট' (মাথায় আঘাতজনিত বদলি খেলোয়াড়) হিসেবে মাঠে নামেন বিপ্রজ নিগম। তবে রান উৎসবের ম্যাচটিতে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে যায় দিল্লি। তাদের ২ উইকেটে ২৬৪ রানের জবাবে ৭ বল হাতে রেখে ৪ উইকেট খুইয়ে ২৬৫ রান তুলে লক্ষ্যে পৌঁছায় পাঞ্জাব।