ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বিকেলে।
এই অধিবেশনে সরকার তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) ক্ষমতা এবং গুম প্রতিরোধ সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত ও আলোচিত দুটি বিল রয়েছে।
দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে পরিবর্তন আনতে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া তিনি জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ পেশ করতে পারেন। এর মাধ্যমে ২০০৯ সালের বর্তমান আইনটি বাতিল করে নতুন একটি আইনি কাঠামো তৈরি করা হবে।
গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ উত্থাপন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের। প্রস্তাবিত এই আইনের লক্ষ্য হলো গুমকে অপরাধ হিসেবে গণ্য করা, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তাদের পরিবারকে সুরক্ষা দেওয়া এবং মানবাধিকার, ব্যক্তিগত স্বাধীনতা ও ন্যায়বিচার সমুন্নত রাখা।
সংসদের অনুমোদন পেলে এই তিনটি বিলই যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হবে। এনএইচআরসি ও গুম সংক্রান্ত বিল দুটি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছিল — জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৪, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।
তবে বিএনপি সরকার গঠনের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশ তিনটি বাতিল হয় এবং নতুন আইন পাসের মাধ্যমে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইনটি পুনর্বহাল হয়।
একইভাবে, গুম সংক্রান্ত দুটি অধ্যাদেশ সাংবিধানিক সময়সীমার মধ্যে সংসদে অনুমোদিত না হওয়ায় তা বাতিল হয়ে যায়।
সংবিধান অনুযায়ী, যেকোনো অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে পেশ করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে তা অনুমোদন করতে হয়, অন্যথায় সেটির আইনি বৈধতা থাকে না।
এরপর সরকার এনএইচআরসি ও গুম—উভয় বিষয়েই নতুন বিল আনার উদ্যোগ নেয়।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি গতকাল বুধবার ইঙ্গিত দেন, অধিবেশনটি সংক্ষিপ্ত হতে পারে, যা পাঁচ, সাত বা ১০ দিন স্থায়ী হতে পারে। তারা বাকি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ওপর গুরুত্ব দেবেন।
তিনি আরও জানান, এই অধিবেশনে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের পরিকল্পনা তাদের রয়েছে।