নারায়ণগঞ্জ-৩

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন স্বতন্ত্র প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩ আসনে কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম। 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি আসনটিতে পুনর্নির্বাচনের দাবি জানান।

রেজাউল করিম বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

রেজাউল করিম বলেন, আমি সবগুলো কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়েছিলাম। সকাল থেকে কেন্দ্রগুলোতে ঘুরে অন্তত ১৫ থেকে ২০টি কেন্দ্রে আমার কোনো এজেন্ট পাইনি। হুমকি-ধমকির কারণে তারা কেন্দ্রে আসতে পারেনি।

তিনি দাবি করেন, বিষয়টি নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে মৌখিকভাবে জানানো হয়েছে। তার ভাষ্য, কর্তৃপক্ষকে জানালে কিছু সময়ের জন্য সমাধান হয়, পরে আবার সমস্যা তৈরি হয়।

এজেন্টদের হুমকি দেওয়ার জন্য তিনি ধানের শীষ প্রতীকের স্থানীয় সমর্থকদের দায়ী করেন। এ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। সোনারগাঁ অঞ্চলের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, তিনি সকালে একটি কেন্দ্রে এজেন্ট না থাকার অভিযোগ করেছিলেন। তখন তাকে প্রিসাইডিং কর্মকর্তার কাছে এজেন্ট পাঠানোর অনুরোধ করা হয়। কিন্তু তার কোনো এজেন্ট প্রিসাইডিং কর্মকর্তার কাছে রিপোর্ট করেননি।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।

সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।